চট্টগ্রাম রাঙ্গুনিয়া কর্ণফুলী নদীতে অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সমর্থন।
কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে রাঙ্গুনিয়া সচেতন ছাত্র সমাজ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন বাহার।
সম্প্রতি চট্টগ্রাম শহরে তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব কুতুব উদ্দিন বাহার অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে চলমান আন্দোলনকে "যৌক্তিক ও সময়োপযোগী" বলে আখ্যায়িত করেন এবং আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
তিনি বলেন, "কর্ণফুলী নদী শুধু রাঙ্গুনিয়ার নয়, সমগ্র চট্টগ্রাম অঞ্চলের জীবনরেখা। এই নদীর ওপর নির্ভর করে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর পরিবেশ, জীববৈচিত্র্য এবং তীরবর্তী জনপদ চরম হুমকির মুখে পড়েছে।"
সভায় রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশ নেন। তারা জানান, এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন এবং আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে যতক্ষণ না এ অন্যায় কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়।
জনাব কুতুব উদ্দিন আন্দোলনকারীদের ধৈর্য ও সচেতনতামূলক ভূমিকার প্রশংসা করেন এবং বিএনপির পক্ষ থেকে নৈতিক সমর্থনের আশ্বাস দেন।
